গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় ও অন্যজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তাসলিমা আক্তার (২১) ও নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার শহিদ মিয়া (৫০)।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
তিনি জানান, আইসিইউতে চিকিৎসাধীন সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৮৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৫৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪৩৩টি নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এক দিনের ব্যবধানে শনাক্তের হার ৩৩ শতাংশ থেকে কমে ২৭ শতাংশে নেমেছে।











