spot_img

জনগণকে ভাত ও পানিতে মারার বন্দোবস্ত সম্পন্ন করছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশকে দরিদ্র, দুর্নীতিগ্রস্ত ও তীব্র অসাম্যের মধ্যে নিক্ষেপ করে এরা জনগণকে ভাতে ও পানিতে মারার সব বন্দোবস্ত সম্পন্ন করছে। আমি পানির দাম বৃদ্ধিতে ওয়াসার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এ ধরনের অমানবিক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, গত সোমবার (৭ ফেব্রুয়ারি) ওয়াসার পানির দাম বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে, তা সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। সোমবার প্রতিষ্ঠানটির বিশেষ বোর্ডসভায় পানির দাম ৪০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করা হয়। বর্তমানে প্রতি ১০০০ লিটার পানির আবাসিক গ্রাহকরা ঢাকা ওয়াসাকে দেয় ১৫.১৮ টাকা। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এই দাম ৪২ টাকা। গত বছর ২৫ মে ওয়াসা পানির দাম ৫ শতাংশ বৃদ্ধি করে। অর্থাৎ প্রতি ইউনিট পানির দাম এখন ১৪.৪৬ টাকা থেকে বেড়ে ১৫.১৮ টাকা হলো। আর বাণিজ্যিক সংযোগে প্রতি ইউনিট পানির দাম ৪০ টাকা থেকে বৃদ্ধি করে ৪২ টাকা করা হলো।

তিনি বলেন, ২০২০ সালের এপ্রিলেও পানির দাম বৃদ্ধি করেছিল ওয়াসা। ২০১৯ সালের সেপ্টেম্বরে, ২০১৮ সালের জুলাইতে, ২০১৭ সালের আগস্টেও পানির দাম বৃদ্ধি করা হয়েছিল। ওয়াসার পানির দাম এখন যা আছে, সেটা থেকে ৪০ শতাংশ বৃদ্ধির খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, পানি হচ্ছে জীবনের অপর নাম। অবৈধ সরকার রাষ্ট্রীয় সম্পদ হরিলুট করার পর এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় যে পানি, সেটির দাম বৃদ্ধি করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ