বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু আজ রোববার (২৬ জুলাই) দুপুরে বঙ্গভবন ছাড়বেন। এরপরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
চুপ্পু বঙ্গভবন ছেড়ে তার গুলশানের বাসায় উঠতে পারেন। আর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে অফিস করলেও তিনি স্পিকারের বাসভবনেই থাকবেন। যদিও আইন অনুযায়ী চাইলে মো. সাহাবুদ্দিন এক মাস বঙ্গভবনে থাকতে পারেন।
শনিবার সন্ধ্যায় মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন। আরও কিছু আনুষ্ঠানিকতা করার কথা থাকলেও সেগুলো হবে কি না, তা নিশ্চিত নয়।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার।
একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের কথাও ঘোষণা করেন স্পিকার। মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন। অসুস্থতাকে পদত্যাগের কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।










