spot_img
spot_img

শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থান না পাওয়া পর্যন্ত মহাকাশ লক্ষ্যে অটল থাকবে তুরস্ক: এরদোগান

বিশ্বের মহাকাশ খাতে তুরস্ক শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন না করা পর্যন্ত দেশটি তার মহাকাশবিষয়ক লক্ষ্য থেকে বিচ্যুত হবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

সোমবার (৫ অক্টোবর) তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আনতালিয়ায় ৭৭তম আন্তর্জাতিক মহাকাশচারী কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এরদোগান। এ সময় তিনি উপগ্রহ প্রযুক্তি ও চন্দ্র অনুসন্ধানে তুরস্কের অগ্রগতির কথা তুলে ধরেন। একই সঙ্গে মহাকাশ কার্যক্রমে আরও ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

এরদোগান বলেন, বিশ্বের মহাকাশ খাতে তুরস্ককে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানের অধিকারী না করা পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব না।

তিনি বলেন, মহাকাশ প্রতিযোগিতায় তুরস্ক কখনো পিছিয়ে পড়তে দেয়নি। বিভিন্ন বাধা ও কঠিন পরিস্থিতি সত্ত্বেও অল্প সময়ের মধ্যে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

এরদোগান জানান, তুরস্কের চন্দ্র গবেষণা কর্মসূচির আওতায় তৈরি চন্দ্রযানের উৎপাদন, সংযোজন ও সমন্বয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

চন্দ্রযানটির ওজন প্রায় সাড়ে ৩ টন এবং এতে দেশীয় উৎপাদনের হার ৮০ শতাংশের বেশি। এরদোয়ান এটিকে “বড় গর্বের বিষয়” হিসেবে উল্লেখ করেন।

প্রেসিডেন্ট তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যোগাযোগ উপগ্রহ তুর্কস্যাট-৬এ-এর কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, তুর্কস্যাট-৬এ তুরস্কের প্রকৌশল সক্ষমতা, শিল্প অবকাঠামো, মানবসম্পদ এবং মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে আত্মবিশ্বাসকেও প্রমাণ করেছে।

এরদোগান বলেন, গত সপ্তাহে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সানলিউরফায় শেষ হওয়া তুরস্কের বৃহৎ মহাকাশ ও প্রযুক্তি উৎসব টেকনোফেস্টে দেশের ৮১টি প্রদেশ এবং বিশ্বের ৯৭টি দেশ থেকে ৭ লাখ ৩০ হাজারের বেশি দল আবেদন করেছে।

আফ্রিকার দেশ সোমালিয়ায় তুরস্কের মহাকাশবন্দর প্রকল্পের বিষয়ে এরদোয়ান বলেন, এই প্রকল্পের মাধ্যমে মহাকাশে তুরস্কের প্রবেশাধিকার আরও শক্তিশালী করার পাশাপাশি আফ্রিকার মহাকাশ খাতের উন্নয়নেও অবদান রাখার লক্ষ্য রয়েছে।

মহাকাশ প্রতিযোগিতা কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না

তিনি জোর দিয়ে বলেন, মহাকাশ প্রতিযোগিতা কেবল কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। একই সঙ্গে মহাকাশকে অস্ত্র হিসেবে ব্যবহারের প্রচেষ্টারও সমালোচনা করেন তিনি।

এরদোগান বলেন, “মহাকাশ এমন কোনো সম্পদ নয়, যেখানে যে আগে পৌঁছাবে সে তা লুট করে নিয়ে যাবে। বিশেষ করে মহাকাশকে অস্ত্রায়িত করা এবং এটিকে অস্ত্র প্রতিযোগিতার হাতিয়ারে পরিণত করা অত্যন্ত ভুল।”

প্রথমবারের মতো তুরস্কে আয়োজিত এই কংগ্রেস অংশগ্রহণকারী দেশগুলো এবং মানবজাতির অভিন্ন ভবিষ্যতের জন্য উপকারী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার পর্যন্ত এই সম্মেলনে আনতালিয়ায় বিশ্বের মহাকাশ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা একত্রিত হচ্ছেন। অনুষ্ঠানটির বৈশ্বিক যোগাযোগ অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছে আনাদোলু।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ