spot_img
spot_img

৯/১১ নয়, ভূরাজনৈতিক স্বার্থেই আফগানিস্তানে যুদ্ধ করেছে আমেরিকা: মাওলানা বালখী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা আব্দুল কাহার বালখী বলেছেন, আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধের মূল কারণ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা ছিল না। বরং এর পেছনে বৃহত্তর ভূরাজনৈতিক ও কৌশলগত স্বার্থ কাজ করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) আরিয়ানা নিউজের সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমেরিকান অ্যাক্টিভিস্ট স্নিকোর সঙ্গে এক সাক্ষাৎকারে মাওলানা বালখী আফগানিস্তানে আমেরিকার হস্তক্ষেপকে ভূরাজনৈতিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর আফগানিস্তানের কৌশলগত অবস্থান ওয়াশিংটনের কাছে দেশটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল।

তিনি বলেন, বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার পর আমেরিকা বিশ্বব্যাপী নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। অন্যদিকে চীন, রাশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া ও ইরানের মাঝখানে আফগানিস্তানের অবস্থান দেশটিকে এ অঞ্চলে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছিল।

মাওলানা বালখী বলেন, সরকারিভাবে যে কারণই দেখানো হোক না কেন, ওই সময়ের ভূরাজনৈতিক বাস্তবতা ছিল এটাই। তিনি আরও বলেন, আমেরিকার রাষ্ট্রীয় ক্ষমতাকাঠামোর স্বার্থেই ওই হস্তক্ষেপ পরিচালিত হয়েছিল।

যুদ্ধ সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেটি হলো, ১১ সেপ্টেম্বরের হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানে যুদ্ধ করা হয়েছিল।

সাবেক মার্কিন মেরিন সেনা, সেনা কর্মকর্তা ও অন্যান্য আমেরিকানদের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাদের কেউ কেউ হস্তক্ষেপের কারণ সম্পর্কে বিভ্রান্ত করা হয়েছিল বলে উপলব্ধি করেছেন।

তিনি আরও বলেন, তারা বলেছিলেন, আমরা এই বিশ্বাস নিয়ে আফগানিস্তানে এসেছিলাম যে, ৯/১১-এর জন্য আপনারাই দায়ী। এখানে এসে মানুষকে দেখেছি, তাদের সঙ্গে মিশেছি এবং বুঝতে পেরেছি যে, আমাদের মিথ্যা কথা বলা হয়েছিল এবং সেই মিথ্যার ভিত্তিতেই আমরা যুদ্ধ করেছি। আমরা যা করেছি, তার জন্য অনুতপ্ত।

আফগানিস্তান আমেরিকার ভূখণ্ডের জন্য হুমকি ছিল কিংবা অন্য দেশ দখল করার উদ্দেশ্য ছিল, এমন ধারণা প্রত্যাখ্যান করে মাওলানা বালখী বলেন, ওই যুদ্ধ আফগানদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে এনেছিল। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে বহু গ্রাম ধ্বংস হয়েছে এবং অনেক মানুষ প্রাণ ও সম্পদ হারিয়েছেন।

তিনি বলেন, আমেরিকার হস্তক্ষেপ আফগানদের কাছে ওয়াশিংটনের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে আফগানরা আমেরিকাকে উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সহায়তাকারী দেশ হিসেবে দেখতেন।

মাওলানা বালখী বলেন, আফগানিস্তানের বর্তমান অগ্রাধিকার হলো অর্থনৈতিক পুনর্গঠন, উন্নয়ন এবং দেশের অভ্যন্তরে ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি বজায় রাখা। বিদেশে বসবাসরত আফগানদের দেশে ফিরে পুনর্গঠনে অবদান রাখার আহ্বান জানান তিনি। আফগানিস্তানের পুনর্গঠনের প্রধান দায়িত্ব আফগানদের নিজেদের ওপরই বর্তায় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ইমারাতে ইসলাম কোনো দেশের সঙ্গে সংঘাত চায় না এবং আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান চায়।

তিনি আরও বলেন, আমরা কারও সঙ্গে শত্রুতা চাই না। কারও সঙ্গে যুদ্ধ করতে চাই না। বাইরের হস্তক্ষেপ ছাড়াই আফগানরা নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান আদর্শিক ও সামরিক মেরুকরণ নিয়েও সতর্ক করেন মাওলানা বালখী। তিনি ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন অংশে উগ্র ডানপন্থী ও জাতিকেন্দ্রিক মতাদর্শের পুনরুত্থান এবং অভিবাসীবিরোধী ও মুসলিমবিরোধী মনোভাবের প্রসঙ্গ তুলে ধরেন। এসব প্রবণতা ক্রমবর্ধমান উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মাওলানা বালখী বলেন, এ ধরনের উত্তেজনা মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার মান হ্রাস ও সামাজিক বিভাজন গভীর করতে পারে। এর ফলে এমনকি স্থিতিশীল দেশগুলোও অভ্যন্তরীণ সংঘাতের ঝুঁকিতে পড়তে পারে।

তিনি আরও বলেন, কয়েক দশকের যুদ্ধের পর আফগানিস্তান আর কোনো সংঘাতে জড়াতে চায় না। বরং দেশটি উন্নয়ন ও বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্ব দিতে চায়।

সূত্র : আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ