সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করবো না। সত্য এবং ন্যায়ের পথে থাকবো। আজ সত্য এবং ন্যায়ের বিজয় হয়েছে। সত্য এবং ন্যায় টিকে আছে। মিথ্যা পরাভূত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিবার্ষিকী উদযাপনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তারা ভুল করতেই পারে। শিক্ষকরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাদের যাতে কোনো ক্ষতি না হয়, ঝুঁকিতে পড়তে হয়—এমন কাজ শিক্ষকরা করবেন না। সন্তানের পাশে সবসময় বাবা-মা থাকবে। অভিভাবক হিসেবে থাকবে। তাদের সব সমস্যা সমাধানের চেষ্টা করবো।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা করেন তিনি। পাশাপাশি গত কয়েকদিন আগের অনাকাঙ্ক্ষিত বিষয় ভুলে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সেই সঙ্গে শিক্ষার্থীদের সুবিধার্থে জরুরি সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের কথা জানান তিনি।










