নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু ব্যবসা-বাণিজ্য নয় ভারতের সঙ্গে আমাদের আন্তরিকতার সম্পর্ক বিদ্যমান। মহান মুক্তিযুদ্ধের সময় এ অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে ত্রিপুরার মানুষ অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে ছিল। রামগড় স্থলবন্দর চালু হলে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ দুই দেশের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ির রামগড় ও ভারতের ত্রিপুরার সঙ্গে স্থলবন্দর চালুর লক্ষ্যে অধিগ্রহণ করা ভূমি, অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি ও মৈত্রীসেতু পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, রামগড়-সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন চালুর ব্যাপারে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে শুরুতেই রামগড়-সাব্রুম সীমান্তে ইমিগ্রেশন চালু হবে।










