‘শ্রম আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ও মানবাধিকার ইস্যুতে আমেরিকা বাংলাদেশকে ক্রমাগত চাপ প্রয়োগ করছে’ পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলম বলেছেন, আমেরিকা থেকে আমরা কোনো চাপ অনুভব করছি না।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, আমরা চাপ অনুভব করছি না। আমেরিকা থেকে চাপ রয়েছে, এ রকম কোনো বক্তব্য আমাদের কোনো সদস্য দেননি। আমরা এটিকে চাপ বলব না। আমরা আমেরিকার সঙ্গে যে দ্বিপাক্ষিক সংযোগ রেখেছি, তাদের দিক থেকে যে সাড়া পেয়েছি, সেটা নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকের পর গণমাধ্যমের খবরে বলা হয়, আমেরিকার সঙ্গে সম্পর্ক নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংসদীয় স্থায়ী কমিটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শ্রম আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আমেরিকা বাংলাদেশকে ক্রমাগত চাপ প্রয়োগ করছে বলে প্রতীয়মান হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়, সংসদীয় কমিটিকে মন্ত্রণালয় আরও জানায়, র্যাব এবং বাহিনীটির বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা যাতে তুলে নেওয়া হয়, সেই চেষ্টা শুরু করেছে সরকার। এ লক্ষ্যে আমেরিকা আইনজীবী নিয়োগের প্রক্রিয়া চলছে।
র্যাবের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ চলছে বলে জানান শাহরিয়ার আলম। তিনি বলেন, এখন আমাদের কাজ হলো, র্যাব নিয়ে যে নিষেধাজ্ঞা সেটি সামনের দিনগুলোতে প্রত্যাহার করা যায় কীভাবে। সেই সঙ্গে আমরা ইতিমধ্যে নিশ্চিত করেছি যে, এই নিষেধাজ্ঞা যেন এক্সপেন্ড না করে।
প্রতিমন্ত্রী বলেন, এ নিষেধাজ্ঞা উইথড্র করার জন্য যে লিগ্যাল প্রসেস আছে আমরা সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছি। আমাদের হয়ে এই কাজগুলো করবে আমেরিকা এ রকম বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা একটা ডিসিশন প্রসেস মেকিংয়ের মধ্যে আছি।










