প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জেলা-উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে। অমর একুশে বইমেলা বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চ পর্যন্ত বাড়ানোরও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশের প্রত্যেক জেলা বা মহকুমায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, সহিত্য চর্চা হতো, সাহিত্য সম্মেলন হতো, আলোচনা হতো যে চর্চাটা অনেকটা কমে গেছে। এটাকে আবার একটু চালু করা দরকার। আমাদের প্রত্যেকটি জেলার পাশাপাশি এখন উপজেলা পর্যায়েও শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে। আমাদের এ বাংলা একাডেমির পক্ষ থেকেও আপনারা যদি একটু উদ্যোগ নেন তাহলে আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনেক মেধাবী কবি, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী আমরা পাব।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে অমর একুশে বইমেলা উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি বলেন, এতে তাদের জ্ঞান ও মেধা বিকাশের যেমন সুযোগ আসবে তেমনি মানুষের হৃদয়ের খোরাকটাও তো দরকার। খাদ্য নিরাপত্তা আমরা করে দিয়েছি এখন হৃদয়ের খোরাকটা জোগাতে হবে। আর তা সংস্কৃতিসেবীদের মধ্য থেকেই আসে।
শেখ হাসিনা বলেন, সাংস্কৃতি-শিল্প-সাহিত্য চর্চা বা এ ধরনের মেলা যদি হয় তাহলে কিন্তু আমাদের যুব সমাজ ভিন্নপথে যাবে না। তারা বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতির প্রতিও আন্তরিক থাকবে। জেলা-উপজেলা পর্যায়ে সংস্কৃতি চর্চা বাড়ানোর ক্ষেত্রে প্রশাসনের উদ্যোগ নেওয়ারও প্রয়োজনীয়তার উল্লেখ করেন তিনি।










