spot_img
spot_img

শহীদ মিনারের নিরাপত্তাকে কেন্দ্র করে মেস-হোটেলে তল্লাশি চালাবে ডিএমপি

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে এবং গুরুত্বপূর্ণ এলাকার মেস ও আবাসিক হোটেলে তল্লাশি চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয় স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা, মেস ও আবাসিক হোটেলে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত থেকেই তল্লাশি শুরু করা হবে। যাতে কোনো দুষ্কৃতকারী সেখানে অবস্থান নিয়ে কোনো নাশকতামূলক কাজ করতে না পারে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় কেউ কোনো ধরনের ব্যাগ বহন করতে পারবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিজের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, প্রতিবছর এই শহীদ মিনার এলাকা থেকে প্রচুর মোবাইল ফোন চুরি হয়। শত শত মানুষ লাইনে থাকে। এতে করে মোবাইল চুরির বিষয়টি ধরা আমাদের পক্ষে কঠিন হয়ে যায়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের জন্য নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না জানিয়ে তিনি বলেন, ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, বোম ডিসপোজাল ইউনিট, ডিবি, র‍্যাব, সোয়াট টিম ও ডগ স্কোয়াড দায়িত্বে থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ