রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে মস্কো প্রস্তুত। তবে দেশের নিরাপত্তা স্বার্থ নিয়ে কোনও ধরনের আপস করা হবে না।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাশিয়ার বার্ষিক ‘ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে’ উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন।
তিনি বলেন, রাশিয়া সবসময় কূটনীতির জন্য উন্মুক্ত। কিন্তু সবার আগে দেশের জাতীয় নিরাপত্তা স্বার্থ। তার ভাষায় বর্তমান ‘কঠিন আন্তর্জাতিক পরিস্থিতির’ মুখে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
তবে ইউক্রেন ঘিরে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটি তিনি ভাষণে সরাসরি উল্লেখ করেননি। এর আগে, মঙ্গলবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দু’টি অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তার এই ঘোষণার পর আমেরিকা, ব্রিটেন, কানাডাসহ ইউরোপ ও অন্যান্য অঞ্চলের কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমাদের দেশ সর্বদা সরাসরি ও সৎ সংলাপের জন্য উন্মুক্ত এবং সবচেয়ে জটিল সব সমস্যার কূটনৈতিক সমাধান খুঁজতে প্রস্তুত।











