তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার নীরবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে বলে জানিয়েছেন শীর্ষ তালেবান নেতা আনাস হাক্কানী।
মঙ্গলবার আফগানিস্তানের সংবাদ মাধ্যম তোলো নিউজ এমন সংবাদ প্রকাশ করেছে।
আনাস হাক্কানী বলেন, নীরবে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাচ্ছে তালেবান সরকার। বিশ্বের বিভিন্ন দেশের মৌন স্বীকৃতি পাওয়ার পাশাপাশি আফগানিস্তানের রাজনৈতিক অবস্থারও উন্নয়ন হচ্ছে।
তিনি বলেন, নীরবে বিশ্বের বিভিন্ন দেশের এমন স্বীকৃতি পাওয়ার বিষয়টি হলো আফগান সরকারের রাজনৈতিক প্রচেষ্টার ফল। বর্তমানে আফগানিস্তানের রাজধানী কাবুলে অনেকগুলো দেশের দূতাবাস খোলা হয়েছে। এছাড়া বিশ্বের অনেক দেশে তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকার তাদের দূতাবাস খুলেছে। এ বিষয়গুলো হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়ার অংশ।
এছাড়া আফগানিস্তানের খোস্ত প্রদেশে হওয়া একটি জনসমাবেশে স্থানীয় উপজাতীয় নেতা ও কর্মকর্তাদের সামনে বক্তব্য দেয়ার সময় আনাস হাক্কানী বলেন, আফগানিস্তানে বিভিন্ন জাতি ও গোষ্ঠীর অবস্থানের পরেও দেশটির জাতীয় মূল্যবোধের কোনো ক্ষতি করা যাবে না।











