চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোতে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের পার্লামেন্টের ওয়েবসাইট (রাডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা পরিষেবাগুলোর ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস থেকে কূটনীতিক সরানো শুরু করেছে রাশিয়া। রাশিয়ার সংবাদ সংস্থা তাস এবং বার্তা সংস্থা এএফপি কূটনীতিক সরানোর এই খবর নিশ্চিত করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারই কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছিল।
অন্যদিকে, রাশিয়ার ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবারই এই নিষেধাজ্ঞার ঘোষণা আসতে যাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে।
এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার সেনাপ্রধান ও রুশ আইনসভার ডুমার ৩৫১ জন ডেপুটি থাকবেন বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: বিবিসি।











