spot_img
spot_img

রাতের তাপমাত্রা কমতে পারে

আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা কমতে পারে। তবে বাড়বে দিনের তাপমাত্রা। শুক্রবার নাগাদ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। ঢাকায় পূর্ব/উত্তরপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ