spot_img

‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে দেশকে অন্ধকারে নিক্ষেপ করেছে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নাগরিক ঐক্যের শান্তিপূর্ণ জনসভায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলা কাপুরুষের পরিচয়। এ হামলা নিঃসন্দেহে পূর্বপরিকল্পিত। সভা-সমাবেশ ইত্যাদি সংবিধান স্বীকৃত মানুষের গণতান্ত্রিক অধিকার। কিন্তু আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এতটাই বেসামাল যে, তারা সংবিধান স্বীকৃত এ অধিকার মেনে নিতে চায় না। বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে সারাদেশকে অন্ধকারে নিক্ষেপ করেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সবসময় অজানা আশঙ্কায় জানমাল, সহায়-সম্পদ নিয়ে অসহায়ের মতো দিনযাপন করছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের আশকারা দিয়ে বিরোধী মতাদর্শের মানুষের ওপর চড়াও হচ্ছে।

তিনি বলেন, আজ নাগরিক ঐক্যের ডাকা জনসভায় পুলিশের হামলা, জনসভার মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে গুরুতর আহতও হয়েছেন। আবারও প্রমাণিত হলো সরকারের পায়ের নিচে মাটি নেই। আমি নাগরিক ঐক্য আয়োজিত শান্তিপূর্ণ জনসভায় পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। নাগরিক ঐক্যের আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ