দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার কপি প্রকাশ্যে ছিঁড়ে ফেলার ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
তিনি বলেন, রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদমর্যাদার দায়িত্ব থেকে অবিলম্বে অপসারণ করে প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে হবে যে, তিনি চাটুকার, তেলবাজ ও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা নন।
রোববার (১ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, রাশেদ খাঁনের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশজুড়ে ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের বিরুদ্ধে গণমাধ্যমের ওপর ক্ষুব্ধ মানসিকতার এটি নগ্ন বহিঃপ্রকাশ। এ ঘটনার রাজনৈতিক দায় প্রধানমন্ত্রী এড়াতে পারেন না।
তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয় পেয়ে রাশেদ খাঁন বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে তাদের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করবে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ‘আমার দেশ’ পত্রিকার একটি কপি ছিঁড়ে নিজের অবস্থান জানান। পরে দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, পত্রিকাটির মাধ্যমে তার বিরুদ্ধে ‘মিথ্যা ন্যারেটিভ’ তৈরি করা হয়েছে এবং সেই অসত্যের প্রতিবাদ হিসেবেই তিনি পত্রিকাটি ছিঁড়েছেন।











