বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য বিএনপির বক্তব্য নয়। আমাদের বক্তব্য খুব সুস্পষ্ট। আমরা নতুন নির্বাচন কমিশনকে বিশ্বাস করি না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ‘সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে’ ময়মনসিংহ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে জনগণের সঙ্গে বেঈমানি করেছে। তারা বলেছে ঘরে ঘরে চাকরি দেবে। চাকরি দিয়েছে? সংবিধান লঙ্ঘন করে জনগণকে কৃতদাসে পরিণত করা হয়েছে। দেশে আজ অনেক টিভি চ্যানেল, কিন্তু কারও কথা বলার স্বাধীনতা নেই।
বিএনপি মহাসচিব বলেন, এখনো সময় আছে চাল-ডাল-তেলের দাম কমান। জনগণের দাবি মেনে নেন। কৃষক তার উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা মুক্তিযুদ্ধে লড়াই করেছিলাম কারণ আমরা এমন একটি দেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে কোনো বিভেদ থাকবে না।
তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে। শুধু নিজেরা বড়লোক হচ্ছে। তারা নিজেরা নিজেদের পকেট ভারি করছে, লুটপাটের টাকা বিদেশে পাচার করছে। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় দুর্নীতির আখড়া হয়ে গেছে।










