বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের বিদায় হলে যে সরকার আসবে, সেটি হবে নির্বাচনকালীন সময়ের জন্য মাত্র। কারণ এই সরকার দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না। এরা স্বাভাবিক নির্বাচন করতে পারবে না। এই সরকারের আগের সবগুলো নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। নির্বাচনগুলো প্রহসনে পরিণত হয়েছিল। এ কারণে দেশের মানুষ এখন আর এই সরকারের অধীনে নির্বাচন বিশ্বাস করতে পারছে না।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের বিএনপি কার্যালয় চত্বরে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, শেখ হাসিনার নির্বাচন কমিশন (ইসি) অবাধ-সুষ্ঠু নির্বাচন করবে, এই কথা কেউ বিশ্বাস করলে তাকেও পাগলা গারদে চিকিৎসা করাতে হবে। নির্বাচন নিয়ে কথা বলার সময় এখন নয়। আগে সরকারকে এবং তারপর এই কমিশনকে বিদায় নিতে হবে।
তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকার চেষ্টা করছে। এ কারণে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নানাভাবে দমন-নিপীড়ন করছে।










