স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন বলেছেন, পুলিশের কাজ জানমালের নিরাপত্তা প্রদান করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। এটি বাস্তবায়ন না হলে সমাজে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি ও উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এসব কাজ করতে গিয়ে পুলিশের ছোটখাটো ঘটনা ঘটলে আমরা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখি। অথচ পুলিশকে সবসময় সম্মান ও শ্রদ্ধার দৃষ্টিতে দেখা উচিত। তাদের ছোটখাটো ভুল হলে আমরা পরামর্শ দিতে পারি।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে ‘পুলিশ মেমোরিয়াল ডে’র অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব মো. আখতার হোসেন বলেন, আপনারা (পুলিশ) নৈমিত্তিক কাজের সঙ্গে শুধু একটি দিন যদি ইউনিয়ন পরিষদে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনসাধারণের সঙ্গে বসে গ্রামের যুবক ও বেকারদের পরামর্শ দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে কাজের ব্যবস্থা করে দিতে পারেন তাহলে তারা আর কোনো অন্ধকারে থাকবে না। ফলে দেশ-মানুষ উপকৃত হবে, এ জায়গাটায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। দেশ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আরও অনেক দায়িত্ব রয়েছে পুলিশের। অধস্তনদের এসব কাজে উদ্বুদ্ধ করতে হবে।










