spot_img

নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বেড়েছে: তথ্যমন্ত্রী

নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, দেশে গত ১৩ বছরে মানুষের মাথাপিছু আয় বেড়েছে সাড়ে চারগুণ। আর এ সময়ে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে তিনগুণ, যা মধ্যম আয়ের মানুষের বেড়েছে কমপক্ষে দ্বিগুণ।

মঙ্গলবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, আমি ছাত্র রাজনীতি করাকালে স্লোগান দিয়েছি শ্রমিকের মজুরি হতে হবে সাড়ে তিন কেজি চালের মূল্যের সমান। আজকে শ্রমিকের মজুরি কমপক্ষে ১২ কেজি চালের মূল্যের সমান। অর্থাৎ বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বাড়ার সঙ্গে সঙ্গে ক্রয় ক্ষমতাও বেড়েছে।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, সমাজে যদি সমালোচনা না থাকে, যদি বিকল্প না থাকে তাহলে সমাজ তো এগিয়ে যাবে না। সেজন্য অবশ্যই সমালোচনা হবে, তবে সমালোচনার পাশাপাশি দেশ যে এগিয়ে যাচ্ছে; সেই এগিয়ে যাওয়ার কথাও জনগণকে জানাতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ