বিএনপি নেতারা কদিন পর খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, কদিন পর তারা (বিএনপি) খালেদা জিয়া ও তারেক রহমানকেও চিনবেন না।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে রাজধানীর শনি মন্দিরের মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কদমতলী থানার দনিয়া ইউনিয়নের ৬০ নম্বর ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সবসময় হতাশা ছড়িয়ে বেড়ান। মিথ্যা কথা বলে দেশের মানুষর মাঝে বিভ্রান্তি ছড়ান। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকুক সেটা তিনি চান না। মিথ্যা তার অভ্যাসে পরিণত হয়েছে। বিএনপি-জামায়াত দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য লবিং করে দেশকে পুনরায় জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা চায় দেশকে তালেবানি রাষ্ট্র বানাতে। দেশে আইএস সৃষ্টি করতে। তাই তারা সব সময় মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করছে।
আওয়ামী লীগের এ নেতা বলেন, আওয়ামী লীগ চায় দেশের রাজনীতি শক্তিশালী হোক, দেশের উন্নয়ন হোক। জনগণের জন্য আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী সবসময় কাজ করে যাচ্ছেন। আমরা সাহসী মানুষদের নিয়ে আওয়ামী লীগ গঠন করবো। তৃণমূলের আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র রুখে দেবো। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো।










