spot_img

৩১ মে থেকে খোলা সয়াবিন বিক্রি নয়: বাণিজ্যমন্ত্রী

আগামী ৩১ মে থেকে সয়াবিন এবং ৩১ ডিসেম্বর থেকে পামওয়েল খোলাভাবে বিক্রি করা যাবে না, বিক্রি করতে হবে বোতলে।

বুধবার (২ মার্চ) বিকেলে সচিবালয়ে এক সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী।

সভায় ব্যবসায়ী নেতা, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। ৩১ মে ও ৩১ ডিসেম্বরের পরে আর কোনো তেল খোলাভাবে বিক্রি হবে না, সবই বোতলজাত হবে।

সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, যে দাম আমরা ঠিক করে দিই, বিশেষ করে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে যা প্রভাব পড়ে, ট্যারিফ কমিশন বসে ঠিক করে যে বাজারে কী দাম হওয়া উচিত।

মন্ত্রী বলেন, আমরা রিসেন্টলি দেখেছি, কিছু গড়মিল দেখা যাচ্ছে। বিভিন্ন এজেন্সি, ভোক্তা অধিকার, ক্যাব, প্রতিযোগিতা কমিশন এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন ডিপার্টমেন্ট সবাইকে ডেকেছি। এ কথাটাই আলোচনা করেছি এবং এ নির্দেশ তাদের দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে নির্দেশ আমাকে জানানো হয়েছে, সে কথাই বলা হয়েছে। সবার সঙ্গে এ কথাই হয়েছে, যে তারা সবাই-ই জানেন, কী দাম হওয়া উচিত। এখানে কোনো কালো হাত যেন প্রভাব বিস্তার করতে না পারে।

তিনি বলেন, একমাস পরই আমাদের রমজান মাস শুরু হতে যাচ্ছে। মানুষের প্রয়োজন বাড়বে। সংযমের মাস, সেজন্য দামের বিষয়টি বিষয়ে মাথায় রাখতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ