যে সার্চ কমিটির ধারাবাহিকতায় একটি নির্বাচন কমিশন লক্ষ করছি সেটা একেবারেই জনগণের সাথে তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২ মার্চ) বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ২০১২ ও ২০১৭ সালে সার্চ কমিটির নাটক আমরা দেখেছি। এই সার্চ কমিটি দিয়ে রকিব মার্কা, হুদা মার্কা কমিশনও আমরা দেখেছি। কেউ নিশি রাতের ভোট করেছেন কেউ ভোটারহীন সংসদ উপহার দিয়েছেন। এর বাইরে নতুন কিছু হবে বলে আমরা মনে করি না।পাঁচজন ফেরেশতা দিয়ে কমিশন করেও কোন লাভ নেই যদি সরকার নিরপেক্ষ না হয়।
রুমিন ফারহানা আরও বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনভাবেই এ দেশে নির্বাচন করবে না বিএনপি। সরকারে যদি শেখ হাসিনা সরকার বসে থাকে, দলীয় সরকার বসে থাকে, তার অধীনে কোনোভাবেই এ দেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য আকাশ ছুঁয়ে যাচ্ছে আর মন্ত্রীরা জনগণের সাথে মশকরা করে বলছেন- দেশে অভাব নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ডাক দিয়েছি। আর জনগনকে নিয়ে আন্দোলন করেই সরকারকে দাবি আদায়ে বাধ্য করা হবে।
এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া। অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ হযরত আলীসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।










