রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশের সামরিক বাহিনী দীর্ঘ পাল্লার হাই প্রিসিশন ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে ইউক্রেনের স্টারোকোস্তিয়ানতিনিভ বিমান ঘাঁটি অকার্যকর করে দিয়েছে। একইসঙ্গে গত ২৪ ঘন্টায় ইউক্রেন নিয়ন্ত্রিত একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস এবং ১০টি বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।
রবিবার (৬ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ এসব তথ্য জানান।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিয়াপোলের সিটি কাউন্সিল জানায়, তারা শহর থেকে নতুন করে বেসামরিক জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ায় প্রচেষ্টা শুরু করবে। গতকাল রাশিয়া পাঁচ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা দফায় দফায় লঙ্ঘন করা হয়। এজন্য দু’পক্ষই পরস্পরকে দোষারোপ করেছে।
সূত্র: পার্সটুডে











