সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংঘাত বন্ধে যেকোনো ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
নিজের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
বাগদাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল-আতির সঙ্গে বৈঠকে আরাঘচি বলেন, ইয়েমেনকে ঘিরে গত ১২ বছরের উত্তেজনা ও সংঘাত প্রমাণ করেছে, এ সংকটের কোনো সামরিক সমাধান নেই।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে দুই মন্ত্রী বৈঠক করেন। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বিবৃতিতে হরমুজ প্রণালির নিরাপত্তাহীনতার জন্য আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনকে দায়ী করেন আরাঘচি। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলা বিভিন্ন রূপে এখনো অব্যাহত রয়েছে।
এ ছাড়া ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের দখলদারত্ব ও গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।











