বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সারমর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, এ ভাষণ এরই মধ্যে জাতিসংঘের ছয়টি সরকারি ভাষায় অনূদিত হয়েছে। এটি আরও অনেক ভাষায় অনূদিত হবে ও আমরা কাজটি করে যাচ্ছি।
সোমবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মর্মবাণী বিশ্বের সব মানুষের কাছে ছড়িয়ে দিতে তিনি বাংলাদেশের ৮১টি মিশনের সবগুলোকে ওই সংশ্লিষ্ট দেশে দিবসটি পালনের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এছাড়া মন্ত্রণালয় আরও অনেক ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিকে এ বিষয়ে সম্পৃক্ত করেছে। বাংলাদেশের ১৯৭১ সালের পরোক্ষ স্বাধীনতার ঘোষণা হিসেবে বিবেচিত বঙ্গবন্ধুর এ গুরুত্বপূর্ণ ভাষণ ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা খুশি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করেছে। বঙ্গবন্ধুর ভাষণটিই ইউনেস্কোর রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়া একমাত্র মৌখিক ভাষণ।
১৯৭১ সালের ওই দিনে বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিয়েছিলেন সেই রেসকোর্স ময়দানে নিজের উপস্থিতির কথা স্মরণ করে ড. মোমেন বলেন, এই সেই দিন যেদিন জনগণ বুঝতে পেরেছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে।










