ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে মধ্যে আরেক দফা যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া নিশ্চিত করেছেন।
তিনি জানান, মস্কোর সময় মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০ টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। একই সঙ্গে মানবিক করিডোর চালু করার কারণে ইউক্রেনের রাজধানী কিয়েভ, চেরনিগভ, সুমি এবং মারিউপোল থেকে বেসামরিক লোকদের সরানো যাবে।
এর আগে মানবিক করিডোর চালু করে রাশিয়া বা বেলারুশ সীমান্তে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য রাশিয়ার প্রস্তাব ‘সম্পূর্ণ অনৈতিক’ বলে প্রত্যাখ্যান করে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন মুখপাত্র বলেন, ইউক্রেনের নাগরিকদের নিজ ভূখণ্ড দিয়ে বাড়ি ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া উচিত।
রাশিয়ার এই যুদ্ধবিরতি ঘোষণার ফলে বেসামরিক লোকদের চাইলে নিজেদের পছন্দমত জায়গায় সরিয়ে নিতে পারবে ইউক্রেন।












