বাবা-মায়ের অবহেলা ও নির্যাতন রোধে পিতা-মাতার ভরণপোষণ আইন আরও কঠোর করার প্রস্তাব দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বলেন, সন্তানরা অনেক সময় বাবা-মায়ের সম্পত্তি চাপ প্রয়োগ করে লিখে নেওয়ার পর তাদের অবহেলা করেন। একপর্যায়ে বড় কোনো ভবনের কোণে কিংবা বৃদ্ধাশ্রমে ঠাঁই হয় সেই বাবা-মায়ের। এমন ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং মানুষের আত্মাকে ভেঙে দেয়।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, আইনের কার্যকারিতা বাড়াতে সংসদে চার দফা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে, বাবা-মায়ের ভরণপোষণে অবহেলা বা নির্যাতন করলে দানপত্র একতরফাভাবে বাতিলের সুযোগ দেওয়া।
তিনি বলেন, ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এমন বিধান যুক্ত করা প্রয়োজন, যাতে সন্তান অবহেলা বা নির্যাতন করলে দাতা নিজেই পারিবারিক আদালতে রেজিস্ট্রি দলিল বাতিলের আবেদন করতে পারেন।
তিনি আরও বলেন, বাবা-মায়ের সম্পত্তি তৃতীয় পক্ষের কাছে বন্ধক রেখে ঋণ নেওয়া কিংবা তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার সুযোগ বন্ধে কঠোর বিধান করা প্রয়োজন। দাতার জীবদ্দশায় তার লিখিত সম্মতি ছাড়া ওই সম্পত্তি ব্যাংকে বন্ধক রাখা, ঋণ নেওয়া বা হস্তান্তর নিষিদ্ধ করা উচিত।
রুমিন ফারহানা বলেন, জরুরি চিকিৎসা বা আর্থিক প্রয়োজনের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা এড়াতে পারিবারিক আদালতের মাধ্যমে ৬০ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত দেওয়ার জন্য সংক্ষিপ্ত ও দ্রুত বিচারব্যবস্থা চালু করা প্রয়োজন।
বাবা-মায়ের অধিকার সুরক্ষায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে ধন্যবাদও জানান রুমিন ফারহানা।












