দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের নেসেটের আরব সদস্য এবং প্রধানত আরবদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট পার্লামেন্টারি ব্লকের প্রধান আহমাদ তিবি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সরাতে তাদের জোট ‘পরিবর্তন জোটের’ দিকে সহযোগিতার হাত বাড়াচ্ছে।
বুধবার (২৮ অক্টোবর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
‘পরিবর্তন জোট’ হলো নেতানিয়াহুর সরকারকে সরিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করা একটি বিরোধী জোট। এতে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি, ইয়াইর লাপিদের ইয়েশ আতিদ, ইয়াইর গোলানের দ্য ডেমোক্র্যাটস, নাফতালি বেনেটের বিয়াচাদ এবং অ্যাভিগদোর লিবারম্যানের ইসরাইল বেইতিনু রয়েছে।
আহমাদ তিবি বলেন, ‘আরব নাগরিকদের ব্যাপক ভোটদান জয়েন্ট লিস্টের জন্য একটি ঐতিহাসিক অর্জন। কারণ, জয়েন্ট লিস্ট জনগণের ঐক্যের আহ্বানে সাড়া দিয়েছে এবং প্রমাণ করেছে যে এটি একটি নির্ধারক শক্তি, যাকে ছাড়া পরিবর্তন সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘নেতানিয়াহু-বেন গভির সরকারকে সরাতে আমরা ‘পরিবর্তন জোটের’ দিকে আমাদের হাত বাড়িয়ে দিচ্ছি। এর শুরু হবে নেসেটের স্পিকার আমির ওহানাকে অপসারণের মাধ্যমে।’
তার কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিও অনুযায়ী, বুধবার ভোরে মধ্য ইসরাইলের তাইবে শহরে অনুষ্ঠিত এক সমাবেশে জয়েন্ট লিস্টের সমর্থকদের উদ্দেশে তিবি বলেন, ‘ভোটকেন্দ্রগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এবং ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও’ তাদের কণ্ঠস্বর ছিল ‘সবচেয়ে জোরালো’।
তিনি আরও বলেন, ‘বেন গভির, অপরাধী, পুলিশমন্ত্রী থাকবেন না। তার সময় এসে গেছে।’
দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১২০ সদস্যের নেসেট নির্বাচনে ৮৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা শেষে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এটি সাতটি আসন কম। ইসরাইলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
দ্য টাইমস অব ইসরাইল কেন্দ্রীয় নির্বাচন কমিটির বরাত দিয়ে জানিয়েছে, আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৯টি আসন পেতে পারে। অন্যদিকে, প্রধানত আরব দলগুলো ১৭টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানত আরবদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট ১১টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ইউনাইটেড আরব লিস্ট বা রাম ছয়টি আসন পেতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি











