spot_img

মায়ের মমতায় দেশ চালালে জনগণ পাশে থাকে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীরা শুধুমাত্র নারীই নন, নারীরা একই সঙ্গে মা। আপনি যদি মায়ের মমতা নিয়ে দেশ পরিচালনা করেন তাহলে জনগণ অবশ্যই আপনাকে সমর্থন দিবে।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সপো-২০২০ এর দুবাই প্রদর্শনী কেন্দ্রের সাউথ হলে নারীদের ভবিষ্যৎ পুর্ননির্ধারণ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তিনি জনগণের সমর্থন ও আস্থা অর্জন করতে পেরেছেন, যা তার মূল শক্তি। জনগণ অনুধাবন করেছে আমি যদি থাকি, তারা অবশ্যই উপকার ভোগ করবেন।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের সংসদের স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা, সবাই নারী।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রায় ২১ বছর পর সামরিক শাসকরা দেশ পরিচালন করে। তখন নারীদের কোথাও কোন অবস্থান ছিল না। আমি নারীদের জন্য সব সেক্টর উন্মুক্ত করে দেই।

প্রধানমন্ত্রী বলেন, আমি দেশ এবং দেশের সমস্যাকে জানতাম। আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা আমার মেন্টর। শুধু তাই নয় আমি তার কাছ থেকে শিখেছি দেশের মানুষকে ভালোবাসা, কিভাবে গরীব মানুষ এবং দেশের জন্য কাজ করতে হয়।

নারী দিবসের এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. আনোয়ার বিন মোহাম্মদ গারগাশ, দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি, জাতিসংঘের পপুলেশন ফান্ড (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এনগোজি ওকোনজো- আইওয়েলা, কার্টটিয়ার ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাইলি ভিগনেরন প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মেয়ে, অটিজম ও স্নায়ু-বিকাশজনিত সমস্যাবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ