spot_img

২১ মার্চ শতভাগ বিদ্যুতের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ মার্চ ১ হাজার ৩২০ মেগাওয়াট পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে দেশে শতভাগ বিদ্যুতের ঘোষণা দেবেন।

সোমবার (১৪ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাজধানীর বিদ্যুৎ ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) এবং নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (এনডব্লিউপিজিসিএল) যৌথভাবে এ ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করে।

বাংলাদেশ শতভাগ দূষণমুক্ত সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র শুরু করতে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সব চর ও প্রত্যন্ত অঞ্চলকে বিদ্যুতের আওতায় নিয়ে এসেছে।

নসরুল হামিদ বলেন, সরকার বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছিল এবং ২১ মার্চ সরকার তার এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে বিগত ১৩ বছরে বাংলাদেশের বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফ্যল্য এসেছে।

নসরুল হামিদ বলেন, আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫ গুণের বেশি বেড়েছে। ২০০৯ সালের জানুয়ারির ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ২৫ হাজার ৫১৪ মেগাওয়াটে দাঁড়িয়েছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানিও রয়েছে। ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি এবং ১৯ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা হয়েছে।

তিনি বলেন, শীতকাল ও অফ-পিক আওয়ারে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট ৫ হাজার ২১৩ সার্কিট কিলোমিটার ট্রান্সমিশন লাইন বসানো এবং মোট ৩ লাখ ৬১ হাজার কিলোমিটার বিদ্যুৎ বিতরণকারী তার বসানো হয়েছে। ৩.১৩ কোটি নতুন গ্রাহককে সংযোগ দেওয়া হয়েছে।’

মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ২২০ কিলোওয়াট থেকে বেড়ে ৫৬০ কিলোওয়াটে দাঁড়িয়েছে এবং বিদ্যুৎ বিতরণ ক্ষতি ৫.৮৫ শতাংশ হ্রাস পেয়েছে। ৪৮.৭৭ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন এবং সেচ কার্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লি. সফলভাবে পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ ও ইউনিট-২ এ বাণিজ্যিক উৎপাদন সফলভাবে শুরু করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ