বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেছেন, ভারতের কর্ণাটক রাজ্যের হাইকোর্ট হিজাব বিরোধী যে রায় প্রদান করেছে তা শুধু ভারতীয় ধর্মনিরপেক্ষ সংবিধান বিরোধীই নয় বরং ব্যক্তি স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।
বুধবার (১৬ মার্চ) গণমাধ্যমের প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, ‘নারীদের হিজাব ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়’ এই ধরনের বক্তব্য শুধু আদালতের নয় পৃথিবীর কারো জন্যই প্রদান করার বৈধতা নেই। কারণ কুরআনের অলঙ্ঘনীয় বিধান পরিবর্তনের এখতিয়ার কারোরই নেই। এই রায় শুধু ভারতীয় নয় বরং গোটা বিশ্বের মুসলমানদের জন্য চরম আঘাত।
নেতৃদ্বয় আরও বলেন, এই রায় প্রদান করে বিচারপতিগণ তাদের স্বপদে বহাল থাকার বৈধতা হারিয়েছে। কারণ এর মাধ্যমে ধর্মনিরপেক্ষ চেতনার সংবিধান সমুন্নত রাখার শপথ সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে। এই রায় গোটা বিশ্বে ভারতীয়দের নেতিবাচক ইমেজ তৈরী করবে। তাই অনতিবিলম্বে এই রায় ভারত সরকারের নিজের স্বার্থেই রায় রহিত করা উচিৎ।










