spot_img
spot_img

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। দিনব্যাপী সফরে মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়া, হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত এবং খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।

সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে মোংলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর দুটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। মোংলার কর্মসূচি শেষে সড়কপথে বাগেরহাট জেলা সদরে গিয়ে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সড়কপথে খুলনায় যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোংলায় প্রধানমন্ত্রীর দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে।

খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ আসরের কার্যক্রম শুরু হবে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খুলনায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের আমেজ। সফর উপলক্ষে নগরী পরিচ্ছন্ন করা হয়েছে। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক সাজানো হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর রঙিন ব্যানার ও ফেস্টুনে।

শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে আঁকা হয়েছে নানা গ্রাফিতি। এসব গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে খুলনার ইতিহাস ও ঐতিহ্য। স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নগরীতে স্থাপন করা তোরণ ও বিলবোর্ড খুলে ফেলা হয়েছে। নেতা-কর্মীদের লাগানো ফেস্টুনও সরিয়ে নেওয়া হয়েছে। ফলে এবার সরকারপ্রধানের আগমন উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে যত্রতত্র তোরণ, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে না। সফর ঘিরে পুরো খুলনা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে মহানগরীকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে তাঁরা অপেক্ষায় রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ