বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ্বাস অবস্থা। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বিএনপির ওপর এর দায় চাপাচ্ছে, যা হাস্যকর ছাড়া কিছু না।
বুধবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনদাবির প্রতি তোয়াক্কা না করে সরকার এখন নিজেদের অস্তিত্বের প্রশ্নে বিরোধী দল দমনে উঠেপড়ে লেগেছে। আওয়ামী সরকারের পায়ের নিচের মাটি পুরোপুরি সরে গেছে। এজন্যই তারা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। পরে আদালতকে নিজেদের স্বার্থে ব্যবহারের মাধ্যমে একের পর এক সাজা প্রদান অব্যাহত রেখেছে।
তিনি বলেন, দেশে এখন এক ব্যক্তির স্বেচ্ছাচারী শাসন চলছে। রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা আড়াল করতে প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সার্বিক অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আমরা এখন মগের মুল্লুকে বাস করছি, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা নেই, সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার প্রতিনিয়ত সরকারের পায়ের নিচে পিষ্ট হচ্ছে।










