কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগর থেকে চারটি নৌকাসহ ১৮ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।
আটক জেলেরা হলেন, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার মো. জসীম (২৫), সাইফুল ইসলাম (২৩), ফায়সেল (২৩), আবু তাহের (২২), ইসমাইল (২০), ইসহাক (২৪), আব্দুর রহমান (২৪), নুর কালাম (২৬), হোসেন (২২), হাসমত (২৫), আকবর (২৩), নজীম উল্লাহ (১৯), রফিক (২০), সাব্বির (২৫), হেলাল (২৫), রেজাউল করিম (১৮), রমজান (১৬), জামাল (২১)।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগরে মাছ শিকার শেষে ফেরার পথে ডুবে যাওয়া কাঠবোঝাই ট্রলারের উদ্ধার কাজে তারা অংশ নেন। তারা কিছু কাঠও উদ্ধার করেন। পরে জেলেরা ফেরার পথে চারটি নৌকাসহ ১৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিজিপি। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন ও বিজিবিকে জানানো হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, নৌকাসহ ১৮ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কেউ জানায়নি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় মিয়ানমার বিজিপিকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনও তারা সাড়া দেয়নি।










