দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আপনারা অনেকেই বক্তব্যে বলেছেন, অনতিবিলম্বে বেগম জিয়ার মুক্তি চান। এ অনতিবিলম্ব মানে কী? ইতোমধ্যেই পাঁচ বছর পার হয়ে গেছে। আর কত বছর পার হলে এই অনতিবিলম্বের মেয়াদ শেষ হবে?
শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল শাহবাগ থানার ২০ ও ২১ নম্বর ওয়ার্ড আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, যে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয় সে দেশে দ্রব্যের দাম বাড়বে না কেন? আজ বিশ্ববাজারে তেলের দাম কম, অথচ আমাদের দেশে তেলের দাম বাড়ানো হয়। বিদ্যুৎ আর তেলের দাম বাড়লে মানুষ ছাড়া সবকিছুরই দাম বাড়ে। দেশটা এখন রসাতলের শেষ প্রান্তে। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত যারা কাউকে কিছু বলতে পারেন না তারা খুবই কষ্টে আছেন।
বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশে যত পরিমাণ বাসা ভাড়া দেওয়া লাগে, তা আমেরিকাতেও দেওয়া লাগে না। ইউরোপ-আমেরিকায় খাবারের দাম সবচেয়ে কম আর আমাদের এখানে সবচেয়ে বেশি। এভাবে দেশ চলতে পারে না। আমরা নিজেরা রাখার ব্যবস্থা না করলে এ সরকার ক্ষমতায় থাকতেই পারে না।










