সরকার সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে অভিযোগ করে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, এখন দুই দিকে সমস্যা, একটা হলো এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করে সরকার, দ্বিতীয় হলো তাদের দক্ষতার সমস্যা।
সরকার মুদ্রাস্ফীতি নিয়েও জনগণের সঙ্গে মিথ্যাচার করছে অভিযোগ করে তিনি বলেন, এই অবৈধ-অসৎ, দুর্নীতিবাজ সরকার ক্ষমতা থেকে না সরলে দেশে শান্তি ফিরবে না।
শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি প্রতিবাদে তিন দফা দাবিতে বাংলাদেশ যুব-অধিকার পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, এ আওয়ামী লীগ সরকার মিথ্যার আশ্রয়ে টিকে আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা এখন দোষ দিচ্ছে বিরোধী নেতাদের ওপর। ডেঙ্গু এবং কোভিডের জন্যও তারা বিরোধী দলকেই দোষ দিয়েছিল। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আতাউল্লাহ, আবু হানিফসহ গণ ও যুব অধিকার অধিকার পরিষদের নেতারা।
যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ বলেন, বর্তমান সরকারের এমপি মন্ত্রীরা কালো গ্লাসে গাড়িতে ঘুরে, এসির বাতাস খেয়ে সাধারণ জনগণের দুঃখ-দুর্দশা বুঝবে না।










