মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধ শুরু হয়। লক্ষণীয় বিষয় হচ্ছে ২৬ মার্চের আগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে ১৯ মার্চ গাজীপুরে সংগঠিত হয়েছিল প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। সেই প্রতিরোধযুদ্ধে নিহত হয়েছিলেন হুরমত, নিয়ামত, মনু খলিফা ও কানু মিয়া। আহত হয়েছিলেন আরও অনেকে। মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯ মার্চ একটি মাইলফলক। তাই এই দিনটিকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৯ মার্চ) সকালে ১৯ মার্চ সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, দীর্ঘ কঠিন-কঠোর ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সবশেষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। আর এ মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। বাঙালির এ দীর্ঘ ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে যিনি সফল নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।










