সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ করার ক্ষমতা সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, সীমান্ত এলাকায় বাংলাদেশিদের প্রাণহানি হচ্ছে অন্যায়ভাবে। কিন্তু তার কোনো প্রতিবাদ করার ক্ষমতা নেই এ সরকারের। দেশে আজ স্বাধীনতা ও সার্বভৌমত্ব নেই। একটি পরিবারের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বন্দি। বাংলাদেশকে যে অর্থে স্বাধীন-সার্বভৌমত্ব রক্ষার কথা ছিল তাতে এ সরকার ব্যর্থ।
সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাব মিলানায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর পর আমাদের কী প্রত্যাশা ছিল, আমরা কী পেয়েছি, আবার পাওয়ার জন্য কী করণীয়, এ বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হয়। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছি, ৫০ বছর পর তাদের এ বিষয় নিয়ে আলোচনা করতে হবে এর থেকে দুর্ভাগ্য একটি জাতির জন্য হতে পারে না।










