জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এখন অনেক বেশি। আমরা নিজেদের (সরকারিভাবে) অর্থায়নে কাজ এগিয়ে নিতে পারি। বাংলাদেশ একটা মজবুত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে আছে। যেটা আমাদের জন্য অনেক গর্বের।
সোমবার (২১ মার্চ) দুপুরে পীরগঞ্জ উপজেলার রামনাথপুরে কসবা মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন বলেন, সাম্প্রদায়িকতায় বিশ্বাসী কিছু উগ্রবাদী আগুনসন্ত্রাসী মাঝিপাড়ায় যে বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল, তা ভাষায় বর্ণনা করা যায় না। আমরা ঘটনা জানার পর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাৎক্ষণিক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল ক্ষতিগ্রস্ত একটা পরিবারও যেন পুনর্বাসন থেকে বঞ্চিত না হয়। যে ঘরগুলো আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনেকেই বিভিন্নভাবে পর্যাপ্ত সহযোগিতা করেছেন। এ ছাড়া দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা এসেছে।










