শুল্ক ও কর কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুস নেওয়ার ও অসহযোগিতার অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আপনারা ঘুস দিচ্ছেন কেন? আপনাদের কাছে অনুরোধ, ঘুস দেবেন না। ঘুস দেওয়া যাবে না। যারা ঘুস দেয়, তাদের জায়গা হবে জাহান্নামে।
মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেট উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত পরামর্শক সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রাক-বাজেট আলোচনায় আপনারা যেসব প্রস্তাবনা দিয়েছেন তা আমরা বিবেচনা করবো। তবে এবারের বাজেটের মূল থিম হচ্ছে ‘উইন উইন সিচুয়েশন’। তার মানে হচ্ছে আগামী বাজেটে (২০২২-২৩ অর্থবছর) আপনারা কেউ হারবেন না, জিতবেন। পাশাপাশি আপনাদের সঙ্গে আমাদের সরকারও জিতবে। আমরা সবাই জিতবো। গত ১৩ বছরে রাজস্ব আটগুণ বেড়েছে। এতে ব্যবসায়ীদের অবদান রয়েছে। তবে ব্যবসায়ীদের এটাও মনে রাখতে হবে আগামীতেও কর পরিশোধ করতে হবে। তা না হলে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প কীভাবে বাস্তবায়ন হবে অথবা মেগাপ্রকল্প সরকার কীভাবে শেষ করবে।










