হাজীগঞ্জে চিকিৎসা ব্যয় ও ঋণের টাকা পরিশোধে এক লাখ টাকার বিনিময়ে শিশু সন্তানকে বিক্রি করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২২ মার্চ) হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশুটির পরিবারে বাবা-মা ও দুই কন্যা সন্তান ছিল। একটি সড়ক দুর্ঘটনায় পরিবারের পুরুষ সদস্যের পা ভেঙে যায়। এ অবস্থায় তার রড লাগানো হয়। টাকার সংকটে সেই রড এখন খোলা সম্ভব হচ্ছে না। বিভিন্ন ব্যক্তি ও এনজিওর থেকে প্রায় পাঁচ লাখ টাকা ঋণ হয়েছে।
চিকিৎসা খরচ ও ঋণের টাকা ফেরত দিতে এক বছর বয়সী কন্যা শিশুকে বিক্রি করে দেওয়া হয়।
শিশুর মা জানান, চাঁদপুরে কোর্টে এফিডেভিটের মাধ্যমে শিশুকে দিয়ে দিয়েছি। ঋণগ্রস্ত থাকায় শিশুকে বিক্রি করার সিন্ধান্ত নেন বলে জানান তিনি। তবে এখন তিনি শিশু সন্তানকে ফেরত চান।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মহসীন ফারুক বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনও শিশু সন্তান দত্তক দেওয়া হলে পৌরসভাকে অবহিত ও একটি ফরম পূরণ করতে হয়। কিন্ত পরিবারটি তা করেনি।










