spot_img

আমির হামজাকে মনোনয়ন করা কমিটির ব্যর্থতা: আ ক ম মোজাম্মেল হক

চলতি বছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মো. আমির হামজাকে মনোনীত করার বিষয়টি ব্যর্থতা বলে মন্তব্য করেছেন এ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, কমিটির দায়িত্ব পালনে নিশ্চয়ই ভুলত্রুটি হয়েছে। নইলে এ ভুল হলো কেন? এটা যেমন আমার ব্যক্তিগত ব্যর্থতা এবং তেমনই কমিটিরও যৌথ ব্যর্থতা।

বুধবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যে কোনো শক্তির চেয়ে কলমের শক্তি বেশি। এটা আপনারা প্রমাণ করেছেন। আপনাদের লেখনির মধ্য দিয়ে সত্য প্রকাশ হয়েছে। আমরা ভুল করলে ভুল সংশোধন করি। ভুল হতে পারে, মানুষ হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে নেই। তবে আমাদের আরও সতর্ক থাকা উচিত ছিল।

তিনি বলেন, অনেক ভুল তথ্য দেওয়া হয়েছিল, সমস্ত সত্য গোপন করা হয়েছিল। কারা ভুল তথ্য দিয়েছেন খতিয়ে দেখবো। কমিটির ফোরামে এটা আলোচনা হবে। আমাদের যেটা ভুল হয়েছে সেটা সংশোধন করেছি। আমরা কেউ চাইবো না বারবার ভুল করতে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ