বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী সাজা স্থগিতের মেয়াদ আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।
বুধবার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে গত ১৬ মার্চ আইনমন্ত্রী আনিসুল হক জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর পক্ষে মত দেওয়া হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন বেগম খালেদা জিয়া।
দেশে করোনা মহামারি দেখা দিলে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এই পর্যন্ত কয়েক দফায় এ মুক্তির মেয়াদ বাড়ানো হয়।










