পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে। তিনি (বঙ্গবন্ধু) যে সাহস নিয়ে বলেছিলেন আমাদের ঠকানো হচ্ছে, এটা আর কেউ বলতে পারেননি। অনেকে আলীগড়, অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়েছেন। অনেক গুণীজন এ দেশে এসেছেন। তারা স্বাধীনতা অর্জন করতে পারেননি। একজন সাধারণ পরিবারের মানুষ তা পেরেছেন। যে মানুষের কাজই ছিল দেশের সব মানুষকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করা। সেই মানুষটি হচ্ছে আমাদের অতি আপনজন বঙ্গবন্ধু।
শনিবার (২৬ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ের শহীদ মিনার চত্ত্বরে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, যে প্রকল্পে মানুষের কল্যাণ বেশি, সেই সব কাজে বেশি গুরুত্ব দেবেন। সাধারণ মানুষ, নিম্নআয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক-মজুরদের কল্যাণমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা দেশের জন্য কাজগুলো করছি। হাতে যে কাজগুলো আছে, তা করবো। সব কাজ সমান গুরুত্বের সঙ্গে করতে হবে। আমরা এখনো সেভাবে স্বাস্থ্যসেবা-নিরাপদ পানি দিতে পারিনি। এসব সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত সম্পন্ন করবেন।










