গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তুরস্ক সফরে যাচ্ছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম।
আজ রবিবার (২৭ মার্চ) রাত ১০টায় তুরস্ক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
তুরস্কের যোগাযোগ ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আদিল কারাইসমাইলওগলু এর আমন্ত্রণে আঙ্কারায় যাচ্ছেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রীর তুরস্ক সফরের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তৌফিক ইমাম, রেলপথমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী একান্ত সচিব রাশেদ প্রধান, বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় রেল ব্যবস্থাপক মোঃ শাহিদুল ইসলাম ও শাহ সুফি নূর মোহাম্মদ।
প্রতিনিধিদল তুরস্কের বিভিন্ন রেলওয়ে কোচ ও লোকোমোটিভ তৈরীর কারখানা পরিদর্শন করবেন। আগামী ৪ এপ্রিল প্রতিনিধিদলটি দেশে ফিরবেন বলে জানা যায়।










