spot_img

স্পিকারের সঙ্গে কাতারের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সিরায়া আলী আল-কাহতানি। সাক্ষাতে তারা কাতার-বাংলাদেশ সুদীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, ব্যবসা-বাণিজ্যের প্রসার, দু’দেশের সংসদীয় গ্রুপের সফর বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (২৯ মার্চ) সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সর্ম্পকের কারণে বাংলাদেশি অভিবাসীদের একটি জনপ্রিয় গন্তব্য এবং বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার কাতার। কাতার ও বাংলাদেশের জনগণের আচার-সংস্কৃতিতে অনেক সাদৃশ্য রয়েছে। শূরা কাউন্সিলে চারজন নারী সদস্যের অংশগ্রহণ কাতারে নারীর ক্ষমতায়নের অনন্য দৃষ্টান্ত। ২০১১ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে কাতার থেকে বাংলাদেশ এলএনজি ক্রয় করছে, যা এদেশের জ্বালানি খাতে ইতিবাচক ভূমিকা রাখছে।

তিনি বলেন, মজলিসে শূরা ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এসময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করে রাষ্ট্রদূত সিরায়া আলী আল-কাহতানি বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। প্রথমবারের মতো ২০২১ সালে কাতারে আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন হওয়ায় জনগণ সন্তুষ্ট হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ