২০২১ সালে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে বলে মনে করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সোমবার (২৮ মার্চ) প্রকাশিত দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস শিরোনামের সংস্থাটি তাদের বার্ষিক এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেছে।
প্রতিবেদনে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়ে উল্লেখ করে কর্তৃপক্ষের বিরুদ্ধে গুম, বেআইনিভাবে আটক, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছে। বিরোধী রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। কখনও কখনও এসব ক্ষেত্রে অতিরিক্ত শক্তিপ্রয়োগও করা হয়েছে।
কোভিড ১৯ মহামারির সময়ে নারীর প্রতি নির্যাতনের মাত্রাও বেড়েছে।
আইন ও শালিস কেন্দ্রের তথ্য দিয়ে অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে রাজনৈতিক সংঘাতে ১৫৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ হাজার ৮৩৩ জন। বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। অথবা বছরজুড়েই তাদের কোনো প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে দেওয়া হয়নি।










