সারাদেশে জবরদখলকৃত আট হাজার একর বনভূমি পুনরুদ্ধার করে বনায়ন করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
তিনি জানান, ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ এর ফেব্রুয়ারি পর্যন্ত এই পাঁচমাসে সারাদেশে জবরদখলকৃত আট হাজার একর বনভূমি পুনরুদ্ধার করে বনায়ন করা হয়েছে। দেশব্যাপী এ কার্যক্রম চলমান থাকবে।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, পানি, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পানি দূষণের জন্য দায়ী সাভারের চামড়া শিল্পকারখানা বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশের পরিবেশের সার্বিক উন্নয়ন করতে সরকার ব্যাপকভাবে বনায়ন করে চলছে।










