দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার হবে না।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আব্দুর রাজ্জাক বলেন, ঐতিহ্যবাহী আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি দেশবিরোধী শত্রুদের নিয়ে জাতীয় সরকার গঠনের দিবাস্বপ্ন দেখছে। বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে তা হবে- ‘রাজাকার, আলবদর, জামায়াতসহ বাংলাদেশ বিরোধী শত্রুদের সরকার।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বৃহত্তম, সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী দল। এ দলটির নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে স্বাধীন জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ দেশের বেশিরভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং ৫০-৬০ ভাগ মানুষ সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত।
বিএনপিকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, আপনাদের এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে- দূরে ঠেলে দিয়েছে। জাতীয় সরকার, রাজাকার-আলবদরের সরকার, বিএনপি-জামায়াতের কোন সরকার বাংলাদেশে হবে না। জনগণের ভোটে যারা সংসদে বেশি আসন পাবে তারাই দেশে সরকার গঠন করবে। স্বাভাবিক পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশে জাতীয় সরকার হয় না। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতে এটি গঠিত হয়। কাজেই বাংলাদেশে কোনোদিন জাতীয় সরকার হবে না।










